ফেনী পৌর যুবদলের সভাপতি একেএম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। একইসাথে ফেনী পৌর যুবদলের কমিটিও পুনর্বহাল করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক (দফতর) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ফেনী পৌর যুবদলের সভাপতি এ. কে. এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে। একইসাথে ফেনী পৌর যুবদলের কমিটিও পুনর্বহাল করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য, ফেনী পৌর যুবদলের ওয়ার্ড কমিটিতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে সভাপতি করার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে পৌর যুবদলের সভাপতি একেএম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে বহিষ্কার করা হয় এবং পৌর যুবদলের কমিটিগুলো বাতিল করা হয়েছিল। একইসাথে জেলা যুবদলের আহবায়ক কমিটিও স্থগিত করা হয়।
ইতোমধ্যে জেলা যুবদলের আহবায়ক কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের প্রায় এক মাস পর ফেনী পৌর যুবদলের কমিটিও পুনর্বহাল করা হলো।


