সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রাখছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ আইনে আটক আসামি রয়েছেন।
অভিযানকালে ১৪৫ পিস ইয়াবা ও ২০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৯৪টি যানবাহন আটক করে।
রোববার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


