কক্সবাজারের চকরিয়া-বদরখালী সড়কে ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী যুবদল নেতা মোহাম্মদ মিজানুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো দুই আরোহী আহত হন।
সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মিজানুর রহমান চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নবগঠিত মাতামুহুরী উপজেলার চকরিয়া-বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের সাহাপুর এলাকায় দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে আরোহীরা সড়ক থেকে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ গিয়ে গাড়ি দুটি আটক করে থানা হেফাজতে রেখেছে এবং মিজান নামে একজন মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি নিশ্চিত করেন।


