সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪৭ জন।
মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৪০ জন, হবিগঞ্জে ৭৩ জন, মৌলভীবাজারে ৬৭ জন এবং সুনামগঞ্জে ৩৪৬ জন শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১১৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৮ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ২৪৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়জন, বিয়ানীবাজারে তিনজন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে দু’জন এবং মৌলভীবাজারে ২৮ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে কোনো মৃত্যু হয়নি। তবে বছরের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১১০ জন এবং নিশ্চিত হামে ছয়জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে বিভাগে হাম ও হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১১৬। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫১ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং হাম প্রতিরোধে টিকাদান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


