জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ফেনী আগমনের শতবর্ষ পূর্তি ও সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী নজরুল মেলা।
শনিবার (১ আগস্ট) ফেনী সাহিত্য সভার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। এর আগে সকাল ১০টায় শহরের মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ারে নজরুল ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১১টায় নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।
ফেনী সাহিত্য সভার আহবায়ক কবি শাবিহ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত ও নজরুল গবেষক অধ্যাপক গাউছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, ‘কাজী নজরুল সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। তার সকল ক্ষেত্রে অবদান রয়েছে। তিনি যেখানে অন্যায় ও নির্যাতন হতো সেখানে তিনি বিদ্রোহী হয়ে হাজির হতেন। নজরুল আমাদের অনুপ্রেরণার উৎস। নজরুলের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে পাক সেনাদের বিরুদ্ধে লড়াই করেছি। তিনি সকল ক্ষেত্রে আমাদের অনুপ্রাণিত করেছেন। তিনি আমাদের ধর্মে ক্ষেত্রে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি শিখিয়েছেন সকল ধর্ম ঐক্যবদ্ধ থেকে কিভাবে যার যার ধর্ম পালন করা যায়।’
মজনু আরো বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিবাদ আমাদের কিভাবে গ্রাস করেছে, কিভাবে জুলুম-নির্যাতন করেছে তা আমরা দেখেছি। আমার মনে হয় যদি নজরুল বেঁচে থাকতেন তাহলে তার লেখনীর মাধ্যমে আরো আগে ফ্যাসিবাদের পতন হয়ে যেতো। নজরুলের লেখনী আমাদের সবসময়ে অনুপ্রেরণা যুগিয়েছে।’
ফাতিমা সুলতানা বলেন, ‘আমরা যে নারী জাগরনের কথা এখন চিন্তা করি, সেটা কাজী নজরুল আরো একশত বছর আগে চিন্তা করে গেছেন। নজরুল আমাদের গর্ব। ব্রিটিশবিরোধী আন্দোলনে নজরুলের মাধ্যমে এগিয়েছি। নজরুলদের অনুপ্রেরণার ফল ৭১ ও ২৪। নজরুলের যে কাজ সেটা যেন আমাদের মধ্যে প্রতিফলন হয়।’
তিনি বলেন, ‘এ জেলায় জন্ম নিয়েছে অনেক জ্ঞানী-গুনী। এখানে কবি ও লেখক অনেক। এ জন্য ফেনীতে নজরুল প্রাসঙ্গিক। এখানে নজরুল নিয়ে আলোচনা হয়।’
আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নজরুলের ছবি প্রদর্শন, নজরুল বিষয়ক স্মারক বক্তব্য, নজরুল সম্মাননা, নিবেদিত স্বরচিত কবিতা পাঠ, নাচ, গান ও আবৃত্তি।
এ সময় নজরুল গবেষক আবু হেনা আব্দুল আউয়াল ও গাউছুর রহমানকে সম্মাননা দেয়া হয়।


