সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে মো: আলী আকবর খাঁন (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে হাওরের ওয়াচ টাওয়ারের পাশের হিজল গাছের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটক মো: আলী আকবর খাঁন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বোনেরগাতী গ্রামের মরহুম আহমেদ আলী খাঁনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে জেলার মধ্যনগর উপজেলা থেকে সাগর পরিবহন নামে একটি পর্যটকবাহী হাউজবোডে করে বৌ, ছেলে-মেয়ে, মেয়ের জামাইসহ টাঙ্গুয়ার হাওরে আসেন আলী আকবর খাঁন। পরে হাওরের ওয়াচ টাওয়ারের পাশের হিজল গাছের বাগান এলাকায় অন্য সবার সাথে গোসল করছিলেন তিনি। গোসলের একপর্যায়ে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান।
এ সময় তার সাথে থাকা লোকজন ও আত্মীয়-স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কত্যবরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিহতের স্ত্রী ও ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।


