চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

গ্যাস সঙ্কট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান।

Location :

Chuadanga
১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান
১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দেশব্যাপী তীব্র গ্যাস সঙ্কট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পেশ করেন ঐক্যের নেতারা।

স্মারকলিপি প্রদানকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘গ্যাস সঙ্কটের কারণে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও পরিবহনের পাশাপাশি সাধারণ মানুষের রান্নাঘরের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ সময় গ্যাস না থাকায় আবাসিক এলাকার পরিবারগুলোকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বিদ্যুতের দাম বার বার বাড়ানো হলেও মানসম্মত সেবা মিলছে না। উল্টো ভুতুড়ে বিল চাপিয়ে দিয়ে সাধারণ গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। অন্যদিকে সিন্ডিকেট ও বাজার তদারকির অভাবে চাল, ডাল, তেল, চিনিসহ সব জিনিসের দাম আকাশছোঁয়া। ফলে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলোর জীবন এখন দুর্বিষহ।’

জনগণের জানমাল রক্ষা এবং মৌলিক সেবা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব উল্লেখ করে বক্তারা অবিলম্বে এসব সঙ্কট নিরসনে ৮ দফা দাবি এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি আলমগীর হোসেন এবং খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম এবং চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।