হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফী রহ.-এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিটে সড়কপথে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে আল্লামা শাহ আহমেদ শফীর কবরের ফাতেহা পাঠ করে জিয়ারত করেন।
এ সময়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীকে মাদরাসার অধ্যক্ষ মাদরাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে আলেমদের সাথে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন।
মাদরাসা থেকে বিদায় নেয়ার সময় মাদরাসার মাঠে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী হাত মিলিয়ে কুশল বিনিময় করেন।
২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ইন্তেকাল করেন আল্লামা শাহ আহমদ শফি। তিনি দেশের কওমি অঙ্গনের একজন শীর্ষ মুরুব্বী ছিলেন। প্রায় সাড়ে তিন দশক তিনি বৃহৎ কওমি মাদরাসা আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আল্লামা শাহ আহমদ শফি হেফাজতে ইসলাম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলাম, কওমি শিক্ষা ও সামাজিক ধর্মীয় বিভিন্ন ইস্যুতে তার ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল।
আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী হাটহাজারী থেকে সড়কপথে ফটিকছড়িতে আল-জামায়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় আসেন এবং মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ’র বর্তমান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন।
সূত্র : বাসস


