বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন মো: জাহাঙ্গীর আলম খান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বিএমডিএ’র জনসংযোগ শাখা তার নিয়োগ ও যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, বুধবার (১২ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব তাহমিনা সুলতানার স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তার যোগদানের বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো: জাহাঙ্গীর আলম খানকে বিএমডিএ’র নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএমডিএ আইন, ২০১৮-এর ধারা ১৪(২) অনুযায়ী মো: জাহাঙ্গীর আলম খানকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
বিএমডিএ’র জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর আলম খান সংস্থাটির নির্বাহী পরিচালক পদে নিয়োগের খবরে বিএমডিএ’র প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা আশা করছেন, জাহাঙ্গীর আলম খানের প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থা, পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং টেকসই অবকাঠামো উন্নয়নে সংস্থাটির কার্যক্রম আরো গতিশীল হবে।
এদিকে বিএমডিএ’র প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো: জাহাঙ্গীর আলম খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


