মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

৬ জুন সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন বড় ভাই শহিদুল। তারপর আর বাড়িতে ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে আমরা পাইনি।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

Location :

Muksudpur
ইজিবাইক চালকের লাশ উদ্ধার
ইজিবাইক চালকের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচ দিন পর শহিদুল মাতুব্বর (৩৫) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিকেলে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।

নিহত শহিদুল মাতুব্বর উপজেলার কমলাপুর গ্রামের মরহুম আ: ছালাম মাতুব্বরের ছেলে।

এর আগে, মঙ্গলবার (৯ জুন) শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইটি মুকসুদপুর উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরে পুলিশ আজ (বুধবার) সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মরহুম আবু শেখের ছেলে নূর হোসেন মাইকেল (৩৫) ও একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে (৩৪) আটক করে। পরে আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছোট ভাই সাহিদুল বলেন, ৬ জুন সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন বড় ভাই শহিদুল। তারপর আর বাড়িতে ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে আমরা পাইনি। পরের মুকসুদপুর থানায় একটি জিডি দায়ের করা হয়। ইজিবাইক ছিনিয়ে নিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ইজিবাইক উদ্ধারের পর দু’জনকে আটক করা হয়। তারপর তাদের স্বীকারোক্তির পর আমরা লাশ উদ্ধার করি। সুরাতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।