নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে গ্যাস সঙ্কট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এর প্রতিবাদে স্থানীয় আল হেলাল অ্যাকাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাযক ছাদের হোসেন, জেলা জামায়াতের কর্মপরিযদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, আব্দুল কাদিম ও কাজী আব্দুল মালেক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফা শাহ, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।


