কুড়িগ্রাম প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র্যালি।
বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক ফুটবলপ্রেমী আর্জেন্টিনার জার্সি ও জাতীয় পতাকা নিয়ে রাজারহাট বাজারে সমবেত হন।
পরে সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রিয় দল আর্জেন্টিনার পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। র্যালিতে অংশ নেয়া সমর্থকরা বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।
রঙিন পতাকা, ব্যানার ও উচ্ছ্বাসে ভরা এ আনন্দ র্যালিকে ঘিরে বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পথচারী, ব্যবসায়ী ও সাধারণ ফুটবলপ্রেমীরাও র্যালিটি উপভোগ করেন।
র্যালিতে অংশ নেওয়া ফুটবলপ্রেমী জাকির হোসেন ও মাহবুবুর রহমান বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আমাদের আবেগের জায়গা। আমরা সবসময় আর্জেন্টিনাকে সমর্থন করি। প্রিয় দলের জন্য ভালোবাসা থেকেই এই আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।



