কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামিসহ আরো ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাত সাড়ে ১১টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ মনরাজ জামে মসজিদের সামনে ইয়াবা কেনাবেচার সময় মো: আলাউদ্দিন (২০) নামে এক তরুণকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা জুবেল মিয়ার (২৭) ঘরের টয়লেটে লুকানো আরো ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল বলে পুলিশ জানায়।
এ ঘটনায় কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, একই রাতে পৃথক অভিযানে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামি এবং নন-এফআইআরভুক্ত পাঁচজনজনকে গ্রেফতার করে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির পাশাপাশি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


