চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন।

ইলিয়াছ পাটওয়ারী, চাঁদপুর

Location :

Chandpur
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন |নয়া দিগন্ত

চাঁদপুরের শাহরাস্তিতে বালুবাহী একটি ট্রাক ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে যশোরগামী আল-আরাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার কার্যক্রমে যোগ দেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ঘটনাস্থল থেকে আহত ১৮জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্তত ১৫ জন আহত হয়েছেন। উদ্ধার কাজ এখনো চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে দুর্ঘটনার কারণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।