কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জায়গা নালিয়ার দোলায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনগণ।
‘সাধারণ জনগণ’র ব্যানারে কুড়িগ্রাম-চিলমারী সড়কের আমিন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রেলপথ, নৌপথ ও সড়কপথের সহজ যোগাযোগ ব্যবস্থা এবং কুড়িগ্রাম জেলা শহর থেকে কম দূরত্বের নালিয়ার দোলায় স্থায়ী ক্যাম্পাস হলে সুবিধা পাবে শিক্ষার্থীরা। বহুতল ভবন নির্মাণে মাটির গুণাগুণ নিরীক্ষাসহ সকল কার্যক্রম সম্পন্ন করে নালিয়ার দোলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলেও অজানা কারণে তা কার্যকর হতে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে জেলার উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তাই অনতিবিলম্বে পূর্বনির্ধারিত স্থান নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ ডিসেম্বর ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর খসড়া অনুমোদন হয়। এরপর ২০২১ সালের ২২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয়।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির পাঠদান শুরু হয়। বর্তমানে জেলা শহরের ভোকেশনাল মোড়ে দুটি ভাড়া করা ভবনে কৃষি ও ফিশারিজ অনুষদ নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।


