ব্রাহ্মণবাড়িয়ায় তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ১১ দলের স্মারকলিপি

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ১১ দলের স্মারকলিপি
ব্রাহ্মণবাড়িয়ায় তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ১১ দলের স্মারকলিপি |নয়া দিগন্ত

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, বাজারে কৃত্রিম সঙ্কট ও সিন্ডিকেট দমন এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ আক্তার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী আমিরুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং জাতীয় ছাত্র শক্তির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব শিমুল চৌধুরীসহ জোটের নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোটের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি সঙ্কটে পড়েছেন।

নেতারা অভিযোগ করেন, একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির পরিবেশ তৈরি করছে। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে বারবার জ্বালানির দাম বাড়ানো হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে।

তারা অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, বাজারে কৃত্রিম সঙ্কট ও সিন্ডিকেট দমন এবং জনগণের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় নেতারা আরো বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়িত হলে এ ধরনের কৃত্রিম সঙ্কট ও মূল্যবৃদ্ধির পরিস্থিতির সৃষ্টি হতো না।