নলডাঙ্গায় নানাবাড়ির জমি সংক্রান্ত বিরোধে ২ যুবককে কুপিয়ে জখম

হামলায় ১ নম্বর ভিকটিম তামিমের গলায় চাকুর আঘাত লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গা থানা, নাটোর
নলডাঙ্গা থানা, নাটোর |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় নানাবাড়ির জমির ভাগ-বাটোয়ারা নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই যুবককে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের পশ্চিম মাধনগর কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— নাটোর সদর উপজেলার নজরপুর গ্রামের মিতু তালেবের ছেলে মো: তামিম হোসেন (২৬) ও একই এলাকার মো: মাসুদ রানার ছেলে মোহাম্মদ জিতু (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়ির সম্পত্তি ভাগাভাগি নিয়ে তামিম ও জিতুর সাথে তাদের আত্মীয় আসাদুল প্রাং (৪৫), তার ছেলে জীবন প্রাং (২৪) ও স্ত্রী শাহিনা বেগমের (৩৯) বাগ্বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে আসাদুল ও তার ছেলে জীবন চাকু দিয়ে তামিম ও জিতুর ওপর হামলা চালায়।

হামলায় ১ নম্বর ভিকটিম তামিমের গলায় চাকুর আঘাত লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ২ নম্বর ভিকটিম জিতুর ডান পাঁজরে আঘাত লাগায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।