নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীতে পড়ে যান জামায়াতের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার অক্ষত রয়েছেন। এ সময় তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন নাউতারা নদীর ওপর কোনো স্থায়ী ব্রিজ না থাকায় স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার নেতাকর্মীদের সাথে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান। এ সময় একসাথে অনেক লোক সাঁকোটিতে ওঠায় হঠাৎ এর একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে আহত হন। তবে এমপি যে অংশে দাঁড়িয়ে ছিলেন, সেটি ভাঙেনি।
স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, ‘এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের ব্রিজটি পরিদর্শনের জন্য ব্রিজের ওপর উঠেছিলেন। লোকজন বেশি হওয়ায় হঠাৎ করে ব্রিজটির একটি অংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে যান। এমপি যে অংশে দাঁড়িয়েছিলেন, সেটি ভাঙেনি।’
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছে। আমি ও আমার সাথে থাকা নেতাকর্মীরা সেটি পরিদর্শনে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। সেখানে কয়েকজন পড়ে যান ও তিনজন আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।’


