বাড্ডায় ডাকাত সদস্যকে ডিবি পুলিশের গুলি

এই ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলিতে এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামের এক ডাকাত সদস্য আহত হয়েছেন। ওই ব্যক্তি তার ডান পায়ের হাঁটুর নিচের অংশে গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বাড্ডার আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে ১০টার দিকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।

গুলশান ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বাড্ডার আফতাবনগর, ব্লক-এম, সেক্টর-৫, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এস এম আরিফুল ইসলাম পাভেল নিজের পিস্তল দিয়ে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলে ডিবি পুলিশ পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি করে। এতে আরিফুলের ডান পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়। পরে আমরা তাকে আটক করি ও তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করি।

তিনি আরো জানান,পরে গুলিবিদ্ধ অবস্থায় পাভেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।

পাভেলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামে। তার বাবার নাম আবু সাদেক সর্দার বাদল। তিনি রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় বসবাস করেন। এই ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।