হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণসহ ছয়জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: মনির হোসেন (৩২), কাজী মাসুদ (২৩), সাইদুল ইসলাম (২৬), ইলিয়াছ খাঁন (৩৩), সাব্বির মিয়া (২২) এবং মো: কামাল হোসেন (৪৪)।
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বুধবার
ভোর সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখস্থ সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশে গ্রেফতার হওয়া ব্যক্তিরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মাইক্রোবাসযোগে সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএনের সদস্যরা তাদের আটক করে।
আটক হওয়া ব্যক্তিদের এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে শরীর তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে ৫৯৭.৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণালংকার ২২ ক্যারেট মানের। স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৪২ হাজার ১৪০ টাকা।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত পরিচয় যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে।
তিনি আরো জানান, আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রিসিভার হিসেবে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত। তাদের বিরূদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



