গ্রেফতার ২

ঢাকায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান

দক্ষিণ কেরানীগঞ্জে ফের একটি নকল ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্সে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।
দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্সে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। |নয়া দিগন্ত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফের একটি নকল ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব।

সোমবার (৩ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্সে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

গ্রেফতাররা হলেন কারখানা পরিচালনাকারী নাসির ও ইয়াবা ডিলার ফয়সাল।

অভিযান শেষে র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেফতার নাসির গত ১০ বছর ধরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে মদিনা কমপ্লেক্সের একটি কক্ষে এই ইয়াবা তৈরির কারখানা চালিয়ে আসছিলেন। নাসির নিজেই ইয়াবা তৈরির কেমিস্ট হিসেবে কাজ করতেন। তিনি চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে এই কারখানায় প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করতেন এবং তা ঢাকা সহ সারাদেশের বাজারে ছড়িয়ে দিতেন।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, গ্রেফতার অপর আসামি ফয়সাল ইয়াবার ডিলার। তিনি কারখানা থেকে উৎপাদিত ইয়াবা সারাদেশে সরবরাহ করতেন।

এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।