অপরিচিত নম্বর থেকে হুমকি ও চাঁদা দাবি : নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর জিডি

কুষ্টিয়ায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে ক্রমাগত প্রাণনাশের হুমকি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ করে ষড়যন্ত্রমূলক ক্ষয়ক্ষতির আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Kushtia
কুষ্টিয়া মডেল থানা
কুষ্টিয়া মডেল থানা |নয়া দিগন্ত

কুষ্টিয়ায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে ক্রমাগত প্রাণনাশের হুমকি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ করে ষড়যন্ত্রমূলক ক্ষয়ক্ষতির আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মোহা: রাইসুল হক (৫২), যিনি কুষ্টিয়া শহরে তামাকজাত পণ্যসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে গত ২ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় এই জিডিটি দায়ের করেন।

জিডি সূত্রে জানা যায়, গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে রাইসুল হকের ব্যক্তিগত মোবাইলে দিন-রাত অসময়ে ফোন আসছিল। তিনি অপরিচিত নম্বর হওয়ায় ফোন রিসিভ না করলে পরবর্তীতে ০১৭১৬-৯৩৮১০৭ নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়।

বার্তাপ্রেরণকারী ব্যক্তি নিজেকে মতিউর রহমান পরিচয় দিয়ে জানান যে, তিনি কৃষক দলের নেতা সুমনের ভাই এবং শান্তর বন্ধু।

হোয়াটসঅ্যাপ বার্তার বরাত দিয়ে জিডিতে উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তি রাইসুল হককে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন এবং বলেন যে, তিনি যতই প্রভাবশালী ব্যবসায়ী হোন না কেন, তাদের সাথে যোগাযোগ না করলে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা হবে। গত ১ আগস্টের মধ্যে তাদের দাবিকৃত বিষয়ে কথা না বললে ব্যবসায়িক গুদামে বড় ধরনের ক্ষতি করার সরাসরি হুমকিও প্রদান করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী রাইসুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দাবিকৃত টাকা না পেয়ে ওই চক্রটি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া বা অন্য কোনো উপায়ে ক্ষতিসাধন করতে পারে। এমনকি আমার ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মানহানির চেষ্টাও করা হতে পারে।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই মো: কামরুল হোসেন জানান, ‘ব্যবসায়ী রাইসুল হকের অভিযোগের ভিত্তিতে গত ২ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে, যার নম্বর ১৪৪ এবং ট্র্যাকিং নম্বর ওআইপিজেড ৬২৩।

অভিযোগের সত্যতা যাচাই এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে আমরা ইতিমধ্যে আদালতের অনুমতি চেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’