মৎস্য প্রতিমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, মৎস্য উৎপাদন, গবেষণা ও প্রযুক্তি বিনিময় এবং এ খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সাথে সাক্ষাৎ করেছেন নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সাথে সাক্ষাৎ করেছেন নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন |সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।

মঙ্গলবার (১১ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, মৎস্য উৎপাদন, গবেষণা ও প্রযুক্তি বিনিময় এবং এ খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎস্য আহরণ, গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের সুযোগ রয়েছে।

নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের মৎস্য খাতের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. খালেদ কনক, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বেবী রাণী কর্মকার, রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসি ঢাকার অর্থনৈতিক বিষয়াবলি ও বাণিজ্য উপদেষ্টা সৈয়দ মুন্তাসির বায়জিদ, অ্যাজাইল রিসোর্সেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কুমরুজ্জামান খান সোহেল, গ্যালান্স বাংলাদেশের প্রতিনিধি মো: মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। বাসস