রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ইবির দুই শিক্ষক সংগঠনের বিবৃতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও ফ্যাসিবাদী তৎপরতার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে দুই শিক্ষক সংগঠন বিবৃতি দিয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Location :

Kushtia
ইবির দুই শিক্ষক সংগঠনের বিবৃতি
ইবির দুই শিক্ষক সংগঠনের বিবৃতি |নয়া দিগন্ত

দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও ফ্যাসিবাদী তৎপরতার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে পৃথক বিবৃতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক সংগঠন গ্রিন ফোরাম ও জিয়া পরিষদ। বিবৃতিতে উল্লিখিত কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দু’টি।

বুধবার (৫ আগস্ট) জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম এবং গ্রিন ফোরামের সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিবৃতি প্রকাশ করা হয়।

জিয়া পরিষদের বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে জনস্বার্থপরিপন্থী এবং কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আদর্শিক তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। জুলাই গণআন্দোলনের চেতনা ও জাতীয় মূল্যবোধের পরিপন্থী এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিবৃতিতে আরো বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ দলটির আদর্শিক অবস্থান সমর্থন করে একটি শিক্ষক সংগঠনের বিভিন্ন তৎপরতার বিষয়ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যদিকে গ্রিন ফোরামের বিবৃতিতে বলা হয়, পলাতক খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার অপতৎপরতায় দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক জড়িত থাকার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের নামও উল্লেখ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি দেশের প্রচলিত আইন পরিপন্থী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের শামিল। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে গণমাধ্যমে প্রকাশিত ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শীর্ষক প্রতিবেদনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।