ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হবে ‘সিনো-বাংলা ডে ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মোট ৪৩০টি চাকরির পদ রয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা সরাসরি প্রতিষ্ঠানগুলোর কাছে সিভি জমা দিতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলে চাকরির সুযোগ, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ থাকবে। জমা দেয়া সিভির ভিত্তিতে প্রাথমিক বাছাইও করা হবে।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিএসসিতে এ আয়োজন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
চাকরির সুযোগের পাশাপাশি ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এ থাকবে বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময়ের নানা আয়োজন। এতে দুই দেশের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা, লায়ন ড্যান্স, তাই চি ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ ছাড়া থাকবে ‘চায়না-বাংলাদেশ ফুড জোন’, যেখানে দর্শনার্থীরা চীনা ও বাংলাদেশী ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার কেনার সুযোগ পাবেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ‘সিনো-বাংলা ফ্রেন্ডশিপ স্কলারশিপ অ্যান্ড বার্সারি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এতে চীনা ভাষা শিক্ষায় কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেয়া হবে।
আয়োজকদের আশা, চাকরি, শিক্ষা, সংস্কৃতি ও দুই দেশের তরুণদের পারস্পরিক যোগাযোগের সুযোগ থাকায় এবারের ‘সিনো-বাংলা ডে’ শিক্ষার্থী ও তরুণদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করবে।


