ডাকসুর উদ্যোগে ঢাবিতে মাসব্যাপী লেখালেখি ও নাট্য কর্মশালা শুরু

স্বাগত বক্তব্যে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহ বাড়াতে ডাকসু ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মশালার আয়োজন করছে। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এবং ‘বাংলাদেশ সাহিত্যকেন্দ্র’ ও ‘নটনাট্য’-এর ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ‘লেখালেখি ও নাট্য কর্মশালা’ শুরু হয়েছে। তরুণদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীল লেখালেখি ও নাট্যচর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৬০০ শিক্ষার্থী নিবন্ধন করেন।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষক, নাট্যকর্মী ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহ বাড়াতে ডাকসু ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মশালার আয়োজন করছে। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।

তিনি বলেন, সপ্তাহে দুটি অনলাইন ক্লাস ও একটি সরাসরি ক্লাস নেয়ার পরিকল্পনা রয়েছে। এক মাসব্যাপী এ কর্মশালার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নির্বাচিত লেখা নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে লেখক ও গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন, কবি আফসার নিজাম, নাট্যকার ও নির্মাতা হুসনে মোবারক, চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা এইচ এম তানভীর হাসান, কবি তাসনীম মাহমুদ, কবি ফরিদ সাঈদ এবং আবৃত্তিকার তারিক হাসিব বক্তব্য দেন। তারা সৃজনশীল চিন্তা, গল্প ও নাট্যরচনা এবং মঞ্চ উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আয়োজকেরা জানান, কর্মশালার প্রশিক্ষণ কার্যক্রম অনলাইন ও সরাসরি—উভয় পদ্ধতিতেই পরিচালিত হবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে নির্বাচিত লেখাগুলো নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে।