জাবি প্রতিনিধি
ছাত্রত্ব শেষ হওয়ার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের মেয়াদকাল পর্যন্ত আবাসিক হলে থাকার সুযোগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে জাকসু। একই সাথে প্রজ্ঞাপনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (৯ আগস্ট) বিকেলে জাকসুর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সাথে সাক্ষাৎ করে এ দাবি জানায়।
সাক্ষাৎকালে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীদের হলে থাকার বিশেষ সুযোগ না দিয়ে তাদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। একই সাথে একাডেমিক সংস্কারে জাকসুর দাবিগুলো বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সড়ক প্রশস্তকরণের কাজ শুরুর দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘সব ধরনের বৈষম্যমূলক আচরণ ও সিদ্ধান্ত পরিহার করে শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি। প্রশাসনের এমন সিদ্ধান্ত গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার সুযোগ তৈরি করতে পারে। তাই দ্রুত প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে।’
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নিয়মের বাইরে গিয়ে জাকসু প্রতিনিধিদের বিশেষ সুবিধা দেয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। কোনো ব্যক্তি বা প্রতিনিধির স্বার্থে তৈরি প্রজ্ঞাপন নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এটি বাতিল করা জরুরি।’
তিনি আরো বলেন, নতুন হলগুলোর নির্মাণ ত্রুটি নিরসনে ব্যবস্থা নেয়া কিংবা পুরোনো হলগুলো সংস্কারে কার্যকর উদ্যোগ না নিয়ে ‘উড়ো কথার ভিত্তিতে’ বিশেষ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রুত প্রজ্ঞাপনটি বাতিল করে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান তিনি।
জাকসুর দাবির বিষয়ে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়টি নিয়ে আগামী প্রশাসনিক সভায় আলোচনা করা হবে। প্রজ্ঞাপনটি পুনর্বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।


