ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) উদ্যোগে `জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস : গণমাধ্যমের চোখে বরিশাল বিশ্ববিদ্যালয়' শীর্ষক এক ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে মোট ৩৬টি স্থিরচিত্র স্থান পায়। এর মধ্যে ৩০টি ছিল জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন অঞ্চলের ছাত্র-জনতার অকুতোভয় সংগ্রামের ছবি। বাকি ৬টিতে স্থান পায় জুলাই আন্দোলন চলাকালে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ববিসাসের সদস্যদের প্রতিবেদন।
আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।
উদ্বোধনী বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত জুলাই অভ্যুত্থানভিত্তিক এই আয়োজনটি অত্যন্ত স্মৃতিময় ও প্রশংসনীয়। আন্দোলন চলাকালীন সময়ের হারিয়ে যেতে বসা অনেক স্মৃতি এ প্রদর্শনীর মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠেছে। জুলাইয়ের যোদ্ধাদের এই ত্যাগ আমরা সব সময় যথাযথভাবে মূল্যায়ন করব। এমন চমৎকার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।’
বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, ‘গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যবিরোধী আন্দোলনকে জোরদার করা এবং তৎকালীন ফ্যাসিবাদী সরকারের ছাত্র-জনতার ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। এই সংগ্রামের স্মৃতি ধরে রাখতে সাংবাদিক সমিতির নেয়া উদ্যোগ প্রশংসনীয়, এ জন্য তাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ।’
উদ্বোধন শেষে অনুভূতি ব্যক্ত করে ববিসাসের সভাপতি মো: রবিউল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলোকে সহপাঠী ও সাধারণ মানুষের সামনে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সাংবাদিক সমিতি ভবিষ্যতেও এমন বস্তুনিষ্ঠ ও ঐতিহাসিক আয়োজন অব্যাহত রাখবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (সহযোগী অধ্যাপক) ড. আব্দুল আলিম বছির, প্রক্টর (সহযোগী অধ্যাপক) মেহেদী হাসান সোহাগ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দীন এবং প্রথম আলোর বরিশাল ফটোসাংবাদিক মো: সাইয়ান।
এ ছাড়া উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


