সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান সাত প্রবাসীর মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এসব বাসিন্দা কয়েক বছর আগে সৌদি আরবে যান। তারা দেশটির একটি সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। রোববার ওই কারখানায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হয়ে মারা যান।
ইউএনও মো. মনিরুজ্জামান জানান, এখন পর্যন্ত আত্রাই উপজেলার সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


