ঐতিহাসিক জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ‘বাংলাদেশ ফোরাম মালদ্বীপ’-এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাজধানী মালেতে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের অফিস সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম।
বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও গুরুত্বপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডা: এইচ এম সোহেলসহ রাজধানী মালে মহানগরী পর্যায়ের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, শহীদদের অসামান্য আত্মত্যাগ এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।


