কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে, দ্বীন ইসলাম নামে এক মালয়েশিয়াপ্রবাসী ২৫ জুলাই Ischemic Heart Disease Due to Coronary Artery Disease জনিত কারণে ইন্তেকাল করেন। মরহুমের লাশ বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগকর্তা প্রদত্ত পাসপোর্ট ও ভিসা অনুযায়ী নিহতের নাম দ্বীন মোহাম্মদ, বাবার নাম আব্দুল হক এবং ঠিকানা রাজাবাড়ী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর, কুমিল্লা।
মরহুমের দেহাবশেষ দেশে পাঠানোর লক্ষ্যে বাংলাদেশে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে পাসপোর্টে বর্ণিত তথ্য অনুযায়ী এখনো ওই ব্যক্তির সঠিক ঠিকানা নির্ধারণ বা তার স্বজনের কোনো হদিস পাওয়া যায়নি। ফলে তার লাশ দেশে পাঠানো বা স্থানীয় দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কারো কাছে তার বা তার আত্মীয়-স্বজনদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা হাইকমিশনকে সরবরাহ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
তবে দ্বীন ইসলামকে নিয়ে বিবিসি বাংলায় প্রতিবেদন প্রকাশের পরও তার স্বজনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।


