মালয়েশিয়ার পাহাং রাজ্যের প্লাইউড প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেনটাকাব ভিনিয়ার অ্যান্ড প্লাইউড এসডিএন বিএইচডিতে কর্মরত প্রায় ২৫০ অভিবাসী শ্রমিকের তিন মাসেরও বেশি সময় ধরে বেতন দেয়া হয়নি। এতে তাদের এবং দেশে থাকা পরিবারের জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গতকাল থেকে খাবারের সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।
বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের শ্রমিকরাও দাবি করেছেন যে, তাদের চাকরির চুক্তিতে উল্লিখিত শর্ত লঙ্ঘন করে গত তিন বছর ধরে কোম্পানিটি তাদের ওপর নির্যাতন চালিয়ে আসছে।
কোম্পানিতে কর্মরত ২৫০ জনের মধ্যে ১২৬ বাংলাদেশী শ্রমিকের একজন মুখপাত্র প্রতিনিধি বাপ্পী কুমার দাস জানান, বকেয়া মজুরিই এখানে তাদের দুর্ভোগের কারণ এবং দেশে থাকা তাদের পরিবারগুলো ঋণ বা বন্ধকি ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে।
কর্মীরা বলেন, কলিং ভিসায় মালয়েশিয়া যেতে বেশির ভাগেরই জনপ্রতি প্রায় ১৬ থেকে ১৮ হাজার রিঙ্গিত (প্রায় পৌনে ৫ লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকা) খরচ হয়েছে। এ অর্থের বড় একটি অংশ তারা ব্যাংক ঋণ, নিজেদের জমি বন্ধক রেখে অথবা পরিবারের সদস্যদের কাছ থেকে ধার করে জোগাড় করেছিলেন। ভাগ্য বদলের আশায় বিদেশে পাড়ি জমানো এসব কর্মীর পরিবার তাদের পাঠানো টাকার ওপর নির্ভরশীল।
শ্রমিকদের অভিযোগ, চুক্তিতে নির্ধারিত আট ঘণ্টার পরিবর্তে তাদেরকে দৈনিক ৬৫ রিঙ্গিত মজুরিতে দিনে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো এবং তাদেরকে নিয়মিতভাবে সাপ্তাহিক ছুটি দেয়া হতো না। ইতোমধ্যে বাংলাদেশী কর্মীদের মুখপাত্র হিসেবে কাজ করা একজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সহকর্মীদের ধারণা, কোম্পানির প্রতিনিধিরা তাকে লুকিয়ে রেখেছে।
এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করলে, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।


