বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসা রটানোয় বিশেষ গোষ্ঠী জড়িত কি না দেখা দরকার

মানববন্ধনে অন্যান্য বক্তারা সাংবাদিক মাসুদ কামালের সাম্প্রতিক বক্তব্যকে ঘৃণ্য, বিদ্বেষমূলক ও চিকিৎসক সমাজের জন্য অপমানজনক বলে উল্লেখ করেন। বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসক সমাজ ও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহবাগে চিকিৎসকদের মানববন্ধন
রাজধানীর শাহবাগে চিকিৎসকদের মানববন্ধন |ছবি : নয়া দিগন্ত

চিকিৎসকদের নিয়ে কটূক্তি, কর্মস্থলে চিকিৎসকদের ওপর ন্যাক্কারজনক হামলা এবং স্বাস্থ্যখাতকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন সর্বস্তরের চিকিৎসকরা।

মানববন্ধনে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: মো: রফিকূল ইসলাম বলেন, ‘গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাই। স্বাস্থ্যখাতে সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হোক, জবাবদিহি হোক, সংস্কার হোক। কিন্তু মিথ্যা তথ্য, বিদ্বেষপূর্ণ বক্তব্য, অপমানজনক ভাষা এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে ‘স্মিয়ার ক্যাম্পেইনিং’ (অপরিকল্পিত অপপ্রচার) চলছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এর পেছনে কোনো বিশেষ স্বার্থগোষ্ঠী বা বহিঃশক্তির সুবিধা জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত হওয়া উচিত বলে তিনি দাবি করেন।

ডা: রফিকূল ইসলাম বলেন, ২০২৩ সাল পর্যন্ত পার্শ্ববর্তী একটি দেশে চিকিৎসা নিতে যাওয়া বিদেশীদের প্রায় ৭০ শতাংশ ছিল বাংলাদেশী। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিলিয়ন ডলারের সেই ব্যবসায় ধস নেমেছে। তাই পরিকল্পিতভাবে চিকিৎসকদের সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে কি না, সেটি তদন্ত করে দেখা যেতে পারে। স্বাস্থ্যখাতকে দুর্বল করা মানে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভিত্তিকে দুর্বল করা। চিকিৎসক ও রোগীকে প্রতিপক্ষ বানানো যাবে না। চিকিৎসক ও রোগী একই পক্ষের মানুষ। আমাদের সবার লক্ষ্য একটাই মানুষের জীবন বাঁচানো।

মানববন্ধনে অন্যান্য বক্তারা সাংবাদিক মাসুদ কামালের সাম্প্রতিক বক্তব্যকে ঘৃণ্য, বিদ্বেষমূলক ও চিকিৎসক সমাজের জন্য অপমানজনক বলে উল্লেখ করেন। বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসক সমাজ ও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ডা: রেজওয়ান তাহসিন সীমান্তর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএমইউর প্রো-ভিসি অধ্যাপক ডা: নজরুল ইসলাম, ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা: ফিরোজা বেগম, ঢাকা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মুসাররাত সুলতানা, বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সাইফুল ইসলাম সেলিম, কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা: শফিউদ্দিন, রেডিওলজি ও ইমেজিং সোসাইটি সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা: মিয়া ওয়াহিদুজ্জামান, সোসাইটি অফ মেডিসিনের সদস্য সচিব অধ্যাপক ডা: জাকারিয়া আল আজিজ, সুপার স্পেশালাইজড হাসপাতালের উপ-প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা: লোহানী তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা: মাহমুদুর রহমান নোমান, ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা: সামী আল হাসান ইমন, বিসিএস বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডা: মির্জা আসাদুজ্জামান রতন, ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডা: তৌহিদুর রহমান আওয়াল, ডা: মমি আনসারীসহ আরো অনেকে।