ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

প্রশিক্ষণের মূল বিষয়বস্তুর মধ্যে ছিল অগ্নি নির্বাপণ পদ্ধতি, জরুরি উদ্ধার প্রক্রিয়া, প্রাথমিক চিকিৎসা এবং ভূমিকম্প ব্যবস্থাপনা। এছাড়া প্রতিকূল পরিবেশে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা কীভাবে নিশ্চিত করতে হয়, সে বিষয়েও বিস্তারিত ধারণা দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিয়েছেন ক্র্যাব সদস্যরা
ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিয়েছেন ক্র্যাব সদস্যরা |নয়া দিগন্ত

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের জন্য দুই দিনব্যাপী অগ্নি নিরাপত্তা ও জরুরি উদ্ধার বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উদ্যোগে ২ ও ৩ আগস্ট এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ফায়ার সার্ভিসের সদরদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এ প্রশিক্ষণে ক্র্যাবের মোট ৪৮ জন সদস্য অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, ঢাকা বিভাগের উপ-পরিচালক মো: সালেহ উদ্দিন এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো: মোস্তফা মহসিন, ক্র্যাবের পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক এম এম বাদশাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

দুই দিনের প্রশিক্ষণে সাংবাদিকদের বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতির মোকাবেলায় হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়। প্রশিক্ষণের মূল বিষয়বস্তুর মধ্যে ছিল অগ্নি নির্বাপণ পদ্ধতি, জরুরি উদ্ধার প্রক্রিয়া, প্রাথমিক চিকিৎসা এবং ভূমিকম্প ব্যবস্থাপনা। এছাড়া প্রতিকূল পরিবেশে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা কীভাবে নিশ্চিত করতে হয়, সে বিষয়েও বিস্তারিত ধারণা দেয়া হয়।

সোমবার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার অংশগ্রহণকারী সংবাদকর্মীদের হাতে সনদপত্র তুলে দেন।