মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : গণপূর্তমন্ত্রী

‘উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জনগণের কাছে নিয়মিত জবাবদিহি করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় বরুড়ার সার্বিক উন্নয়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের |সংগৃহীত

ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বগ্রহণ, অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতিকে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে দল-মত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত হতে হবে।

তিনি জানান, বরুড়া উপজেলার ছোট-বড় প্রায় ৩০০টি রাস্তা বিভিন্ন প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী দু’তিন বছরের মধ্যে ওই এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। পাশাপাশি এলাকার পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প হাতে নেয়া হয়েছে।

শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বরুড়ায় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাকারিয়া তাহের জানান, একইসাথে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠাসহ এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।

জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে দায়িত্ব পেয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জনগণের কাছে নিয়মিত জবাবদিহি করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় বরুড়ার সার্বিক উন্নয়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। বাসস