জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতি ছড়িয়ে দিতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

‘ফজলুর রহমান পটল ক্ষণজন্মা রাজনীতিবিদ। জনবান্ধব এই রাজনীতিবিদ নিজের এলাকা ছাড়িয়ে সারাদেশের জন্যে কাজ করেছেন। তার দেখানো পথে, তার নীতি ও আদর্শ ধারণ করে আমিও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

নয়া দিগন্ত অনলাইন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন |সংগৃহীত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতির ধারা সারাদেশে ছড়িয়ে দিতে চাই।

স্বাধীনতা উত্তর সময়ে নাটোর থেকে মন্ত্রিপরিষদের প্রথম সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বাবা ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জন্যে কাজ করে, দেশের মানুষের জন্যে কাজ করে।

দেশ ও মানুষের জন্যে কল্যাণকর-এমন ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার জন্যে কাজ করে যেতে চাই।

ফারাজানা শারমীন আরো বলেন, ফজলুর রহমান পটল ক্ষণজন্মা রাজনীতিবিদ। জনবান্ধব এই রাজনীতিবিদ নিজের এলাকা ছাড়িয়ে সারাদেশের জন্যে কাজ করেছেন। তার দেখানো পথে, তার নীতি ও আদর্শ ধারণ করে আমিও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পুর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো: আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী। বাসস