সরকার ৩ লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রবাসী বাংলাদেশীরা দেশের গর্ব ও শক্তি। তাদের কঠোর পরিশ্রম একদিকে যেমন তাদের পরিবারের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির ভিতকে আরো শক্তিশালী করছে।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম |ফাইল ছবি

অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে বিদেশ যেতে অভিবাসন ব্যয় ১০ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার এ ব্যয় কমিয়ে সর্বোচ্চ তিন লাখ টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

সোমবার (১০ আগস্ট) সিঙ্গাপুরে ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে অনেক প্রবাসীকে জমিজমা বিক্রি করে ১০ থেকে ১৪ লাখ টাকা খরচ করে বিদেশে আসতে হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ ব্যয় কমিয়ে সর্বোচ্চ তিন লাখ টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।

তিনি প্রবাসী বাংলাদেশীদের দেশের অর্থনীতি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।

শামা ওবায়েদ বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের গর্ব ও শক্তি। তাদের কঠোর পরিশ্রম একদিকে যেমন তাদের পরিবারের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির ভিতকে আরো শক্তিশালী করছে।

তিনি জানান, বর্তমানে প্রায় এক লাখ ৫০ হাজার বাংলাদেশি সিঙ্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মরত রয়েছেন। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সিঙ্গাপুর থেকে এসেছে প্রায় ৪৭৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : বাসস