ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি জোরদারে ফায়ার সার্ভিসের অংশীজন সভা

ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে ক্রেন, এক্সকেভেটর ও অন্যান্য ভারী যন্ত্রপাতি দ্রুত প্রস্তুত ও মোতায়েনের জন্য জরুরি পরিকল্পনা, প্রশিক্ষণ, সমন্বয় এবং দ্রুত সরঞ্জাম ব্যবহারের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস |সংগৃহীত

বড় ধরনের ভূমিকম্পের পর সমন্বিতভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে ভারী উদ্ধার সরঞ্জামের মালিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আজ সোমবার প্রস্তুতিমূলক সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি), ঢাকা বিভাগ।

মিরপুরে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের (ইওসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো: মাহমুদুল হাসান।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদীর প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।

ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে ক্রেন, এক্সকেভেটর ও অন্যান্য ভারী যন্ত্রপাতি দ্রুত প্রস্তুত ও মোতায়েনের জন্য জরুরি পরিকল্পনা, প্রশিক্ষণ, সমন্বয় এবং দ্রুত সরঞ্জাম ব্যবহারের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

প্রধান অতিথি ফায়ার সার্ভিস কর্মকর্তাদের অংশীজনদের সাথে সমন্বয় আরো জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি ভারী যন্ত্রপাতির মালিক ও ব্যবসায়ীদের নিয়ে একটি ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনেরও প্রস্তাব দেন তিনি।

সভায় প্রায় ৭০ জন প্রতিনিধি অংশ নেন এবং জাতীয় দুর্যোগ মোকাবেলা কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

যৌথ প্রশিক্ষণ, মহড়া এবং সব অংশীজনের মধ্যে আরো শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে সভাটি শেষ হয়। বাসস