‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে অন্তরে ধারণ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

‘প্রতিহিংসার নয়, বরং প্রচলিত আইনের আওতায় স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যাসহ গত ১৭ বছরে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

নয়া দিগন্ত অনলাইন
‘রক্তলাল জুলাই ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
‘রক্তলাল জুলাই ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন |সংগৃহীত

ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে আমাদের অন্তরে ধারণ করতে হবে।

তিনি বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম কোর্ট হিলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘রক্তলাল জুলাই ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, চিত্রপ্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিহিংসার নয়, বরং প্রচলিত আইনের আওতায় স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যাসহ গত ১৭ বছরে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে, তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমি বলতে চাই, জুলাই-আগস্টের গণহত্যা এবং গত ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের সাথে জড়িতদের বিচার দেশের প্রচলিত আইনি প্রক্রিয়াতেই সম্পন্ন হবে এবং অপরাধীরা শাস্তি পাবে।’

মীর হেলাল বলেন, আইন সবার জন্য সমান। এমন একটি বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যা প্রতিহিংসামূলক নয়; বরং ন্যায়বিচারের প্রতীক হবে।

রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমের আহ্বান জানিয়ে তিনি বলেন, যে মতাদর্শেরই অনুসারী হই না কেন, দেশের স্বার্থের প্রশ্নে সবাইকে বাংলাদেশের পক্ষেই থাকতে হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আইনজীবী সমিতি প্রাঙ্গণে জুলাই আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র নিয়ে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো: আবু সুফিয়ান। এছাড়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম বক্তব্য দেন। বাসস