ঢাকা মেডিক্যালে কিশোরীর লাশ রেখে পালালেন ২ ব্যক্তি

মোহাম্মদ ফারুক জানান, কিশোরীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের পাশাপাশি তাকে হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তিকে শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল |ফাইল ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর লাশ রেখে পালিয়েছে দুই ব্যক্তি। তবে তার পরিচয় জানা যায়নি। তার গলায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে সিএনজি অটোরিকশায় করে কিশোরীকে সেখানে নিয়ে আসেন তারা। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, হাসপাতালের ট্রলিম্যান আব্দুর রউফের কাছ থেকে তারা ঘটনাটি জানতে পারেন।

ট্রলিম্যানের বরাত দিয়ে তিনি জানান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজি অটোরিকশায় করে অচেতন কিশোরীকে জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। ট্রলিম্যান ট্রলি নিয়ে সেখানে গেলে তারা কিশোরীকে ট্রলিতে তুলে দেন। এরপর টিকিট কেটে নিয়ে আসার কথা বলে তারা দ্রুত সেখান থেকে চলে যান। পরে কিশোরীকে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

DMC-Child-1208

পুলিশ জানায়, কিশোরীর বয়স আনুমানিক ১৫ বছর। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন এবং দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মোহাম্মদ ফারুক জানান, নিহত কিশোরীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের পাশাপাশি সিএনজি অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তিকে শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি জানান, সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।