খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণজিত মন্ডল জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মাসুম বিল্লাহ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুম বিল্লাহ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি লালবাগ শাহী মসজিদে থাকতেন এবং ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

শাহজাহানপুর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে তারা মাসুম বিল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে। খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি কাভার্ড ভ্যানের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই বকুল জানান, মঙ্গলবার রাতে বাড্ডায় এক ব্যক্তির সাথে দেখা করতে গিয়েছিলেন মাসুম। সেখান থেকে বাসায় ফেরার সময় খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়া হলেও তার জীবন বাঁচানো সম্ভব হয়নি।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণজিত মন্ডল জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, নিহতের স্বজনদের সাথে কথা বলে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। মাসুম বিল্লাহ লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। দুর্ঘটনার পর তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।