যুব অধিকার পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এক দফার দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি বলেন, ক্ষমতা বা পদ-পদবির জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ রাজনীতি করছে। তরুণদের দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

নুরুল হক নূর বলেন, যুব অধিকার পরিষদের নতুন নেতৃত্বের দায়িত্ব হবে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী হিসেবে গড়ে তোলা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করা।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সহসভাপতি আবু বকর সিদ্দিক, এরশাদুল হক ও সকাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ প্লাবন আহমেদ, হাবিবুর রহমান ও আতিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি রাহুল ইসলাম।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।