গাইবান্ধায় নির্মিতব্য শিবমূর্তি অপসারণের দাবিতে বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
বুধবার (১০ জুন) বাদ জোহর অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এই ঘোষণা দেন।
এ সময় কালেমা বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলাম মুসলমান ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। একদিকে ভারতে মুসলমানদের মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে, মুসলিমদের নির্যাতন করা হচ্ছে, ভারতীয়দের বাংলাদেশে পুশইন করা হচ্ছে, অপরদিকে বাংলাদেশর গাইবান্ধায় প্রকাশ্যে বিশালাকৃতির শিবমূর্তি স্থাপন করে দেশে অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। দেশ ও ইসলাম রক্ষায় দল মত নির্বিশেষে কালিমায় বিশ্বাসী সকলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মাওলানা আশরাফুজ্জমান পাহাড়পুরী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আব্দুল বারী, হাজী শাহজাহান, মুফতি কামরুল ইসলাম, মৌলভী আব্দুর রকীব, মুফতি আখতারুজ্জামান আশরাফী, মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা সালাহউদ্দিন জয়নাল, মুফতি কারী সিদ্দিকুর রহমান, মুফতি আলামিন, আতিকুর রহমান প্রমুখ।



