‘প্রতিদিন প্রায় দুই লাখ মানুষকে জীবন হাতে নিয়ে নৌকায় তুরাগ পাড়ি দিতে হয়; নদী পার হতে গিয়ে অকালে ঝরে গেছে অনেক প্রাণ। যাতায়াতের অভাবে গড়ে ওঠেনি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা চিকিৎসাকেন্দ্র; পানি, গ্যাস, বিদ্যুৎসহ নানা সঙ্কটে দিন কাটে এ অঞ্চলের বাসিন্দাদের।’
এরই প্রেক্ষাপটে ঢাকার মিরপুর ও সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মধ্যে তুরাগ নদীর ওপর দীর্ঘ প্রতীক্ষিত কাউন্দিয়া সেতু নির্মাণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জনমানুষের দীর্ঘদিনের ওই দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে সংবেদনশীলতা ও আন্তরিকতা জন্য ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
গত মঙ্গলবার সেতু বিভাগ ও স্থানীয় সরকার বিভাগকে ওই বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনকেও কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)।
পাশাপাশি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কালক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করার প্রতি আহ্বান তিনি।



