দেশব্যাপী বাংলা কিউআর কার্যক্রম বাস্তবায়নে প্রচারণা শুরু

বাংলা কিউআর-এর সফল বাস্তবায়ন দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আরো বিস্তার ঘটাবে এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলা কিউআর ব্যবহারের প্রচারণা কার্যক্রম শুরু
বাংলা কিউআর ব্যবহারের প্রচারণা কার্যক্রম শুরু |সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলা কিউআর ব্যবহারের প্রচারণা কার্যক্রম শুরু করেছে।

বুধবার (১০ জুন) দুপুরে বাংলাদেশ ব্যাংক চত্বরে একটি বিশেষ প্রচারণা কর্মসূচির সূচনা করা হয়। ১ জুলাই থেকে সারাদেশে বাংলা কিউআর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও বাস্তবায়ন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় দেশের তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেমস অপারেটরের (পিএসও) প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরে গভর্নরের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা একটি ফটোসেশনে অংশ নেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহক, ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। একইসাথে আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরো সহজ, দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব ব্যাংক ও অংশীজনের সহযোগিতায় ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাংলা কিউআর-এর সফল বাস্তবায়ন দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আরো বিস্তার ঘটাবে এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, একক ও আন্তঃকার্যকর এই পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকরা আরো সহজে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন, যা নগদবিহীন অর্থনীতি গঠনের পথকে আরো সুগম করবে। বাসস