আইসাকা ঢাকা চ্যাপ্টারের নেতৃত্বে আজাদ-ফারুক

নবনির্বাচিত নেতৃত্বের প্রধান লক্ষ্য হিসেবে সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং সদস্যদের জন্য আরো বেশি সুযোগ ও মূল্য সৃষ্টি করার বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সভাপতি ও সাধারণ সম্পাদক
সভাপতি ও সাধারণ সম্পাদক |সংগৃহীত

আইসাকা (ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন) ঢাকা চ্যাপ্টারের ২০২৬-২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জি. এম. ফারুক আহমেদ।

শনিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত চ্যাপ্টারের বিশেষ সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সাধারণ সম্পাদক পদটি ছিল একমাত্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদ। এ পদে জি. এম. ফারুক আহমেদ ও রাশেদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিপুল ভোটে জি. এম. ফারুক আহমেদ নির্বাচিত হন। অন্য পদগুলোতে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাইনাল আবেদিন। সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইকবাল হোসাইন।

পরিচালকদের মধ্যে যোগাযোগ বিভাগের পরিচালক নির্বাচিত হয়েছেন আহমেদ জাফর সাদেক ভূঁইয়া, সদস্যপদ বিভাগের পরিচালক ফাহিমা খানম, তথ্যব্যবস্থা নিরীক্ষা বিভাগের পরিচালক মো. ওয়াহিদ মুরাদ, তথ্যনিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কাজী শাকলাইন, তথ্যপ্রযুক্তি পরিচালনা ও নিয়ন্ত্রণ কাঠামো বিভাগের পরিচালক ড. নুরুল্লাহ শাহীন, বিপণন বিভাগের পরিচালক হাসান আল মনসুর, শিক্ষা প্রতিষ্ঠান-সম্পর্ক বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম এবং সাধারণ পরিচালক হিসেবে মাহবুব উল আলম নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে কোনো মনোনয়ন জমা পড়েনি। চ্যাপ্টারের বিধি অনুযায়ী পরবর্তী সময়ে এ দুটি পদ নির্ধারণ করা হবে।

নবনির্বাচিত নেতৃত্বের প্রধান লক্ষ্য হিসেবে সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং সদস্যদের জন্য আরো বেশি সুযোগ ও মূল্য সৃষ্টি করার বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়েছে।

নির্বাচিত সাধারণ সম্পাদক জি. এম. ফারুক আহমেদ বলেন, ‘আমার প্রতি আস্থা ও সমর্থনের জন্য আইসাকা ঢাকা চ্যাপ্টারের সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। নির্বাচন শেষ হয়েছে; এখন শুরু হলো কাজ। সবাইকে সঙ্গে নিয়ে আমরা আরও শক্তিশালী, সংযুক্ত ও সদস্যকেন্দ্রিক আইসাকা ঢাকা চ্যাপ্টার গড়ে তুলতে চাই।’ বিজ্ঞপ্তি