গংগাচড়ায় ছওয়াবের ১,০০০ টিউবওয়েল প্রকল্প, ৩০ লাখ টাকা বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে মো. রায়হান সিরাজী বলেন, সরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা অনুদান পেয়েছেন। অথচ ছওয়াব ও মুসলিম চ্যারিটি আলমবিদিতর ইউনিয়নের মাত্র ২০০ জন উপকারভোগীর জন্যই ৩০ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা সহায়তা দিচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rangpur

রংপুরের গংগাচড়া উপজেলায় মুসলিম চ্যারিটির অর্থায়নে এবং সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)-এর ব্যবস্থাপনায় বাস্তবায়নাধীন ১,০০০ টিউবওয়েল মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) গংগাচড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের প্রথম ধাপে আলমবিদিতর ইউনিয়নের ২০০ জন উপকারভোগীর মাঝে নগদ ৩০ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে দেয়া হয় ১৫ হাজার ৩৩৪ টাকা করে।

ছওয়াবের জেনারেল ম্যানেজার মোহাম্মদ লোকমান হোসাইন তালুকদারের সভাপতিত্বে এবং মাওলানা কারী আবদুল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবক সাইফুল ইসলাম, ছওয়াবের ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম, গংগাচড়ার রাজনীতিবিদ ও সমাজসেবক নায়েবুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মোহাম্মদ আবিমুল বাসার এবং গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এসআই ইসাহাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। এ আসনের আওতায় রয়েছে গংগাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড।

প্রধান অতিথির বক্তব্যে মো. রায়হান সিরাজী বলেন, সরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা অনুদান পেয়েছেন। অথচ ছওয়াব ও মুসলিম চ্যারিটি আলমবিদিতর ইউনিয়নের মাত্র ২০০ জন উপকারভোগীর জন্যই ৩০ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা সহায়তা দিচ্ছে।

তিনি এ মানবিক উদ্যোগের জন্য ছওয়াব ও মুসলিম চ্যারিটিকে গংগাচড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।