জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
কারিবা হ্রদে উদ্ধারকর্মীদের অভিযান
কারিবা হ্রদে উদ্ধারকর্মীদের অভিযান |সংগৃহীত

জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (১২ আগস্ট) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পে যাত্রী পরিবহনকারী ফেরিটি মঙ্গলবার প্রবল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়।

জিম্বাবুয়ের সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) এক বিবৃতিতে জানায়, ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু সদস্য এবং কয়েকজন শিশু ছিল। অথচ ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

সিপিইউ জানায়, ‘এ পর্যন্ত মাতুসাদোনহা উদ্ধারকারী দল ও অন্যরা ৭৭ জন যাত্রীকে উদ্ধার করেছে। ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে।’

লাশগুলো সংগ্রহ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে দু’টি ফিউনারেল পার্লারের সাথে যোগাযোগ করা হয়েছে। এখনো প্রায় ২৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সিপিইউ জানায়, নিখোঁজদের সন্ধানে সহায়তার জন্য একটি বিশেষায়িত জলযান উদ্ধারকারী ইউনিটকে বিমানযোগে ঘটনাস্থলে নেয়া হয়েছে।

কারিবা হ্রদটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। রাজধানী হারারে থেকে হ্রদটির দূরত্ব ৩০০ কিলোমিটারের বেশি উত্তর-পূর্বে।

আয়তন নয়, পানি ধারণক্ষমতার হিসাবে এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ।

সূত্র: বাসস