নতুন ডেটা সেন্টারের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অ্যামাজন

এআই কার্যক্রম দ্রুত চালু করতে প্রযুক্তি কোম্পানিগুলো প্রচলিত বিদ্যুৎ গ্রিডের বাইরে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের যে প্রচেষ্টা শুরু করেছে, অ্যামাজনের এই উদ্যোগ তার সর্বশেষ উদাহরণ।

নয়া দিগন্ত অনলাইন
অ্যামাজন
অ্যামাজন |সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কার্যক্রমের জন্য নতুন ডেটা সেন্টার চালু করতে যুক্তরাষ্ট্রর টেক্সাসে একটি বিশাল বেসরকারি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করছে অ্যামাজন।

শুক্রবার কোম্পানি এই বিষয়টি নিশ্চিত করেছে।

কেন্দ্রটি চালু হলে এটি যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের একক বৃহত্তম উৎসে পরিণত হতে পারে।

এআই কার্যক্রম দ্রুত চালু করতে প্রযুক্তি কোম্পানিগুলো প্রচলিত বিদ্যুৎ গ্রিডের বাইরে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের যে প্রচেষ্টা শুরু করেছে, অ্যামাজনের এই উদ্যোগ তার সর্বশেষ উদাহরণ।

বাজারবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্লিনভিউ প্রথম এ খবর প্রকাশ করে। প্রতিষ্ঠানটি স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে এ সপ্তাহে অ্যামাজনের দাখিল করা তিনটি ডেটা সেন্টার নির্মাণের অনুমতির সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির যোগসূত্র খুঁজে পায়। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে ‘জি ডব্লিউ র‌্যাঞ্চ’ নামে পরিচিত প্যাসিফিকো এনার্জি।

আগে দাখিল করা নথি অনুযায়ী, কেন্দ্রটিতে ৩৫টি টারবাইন থাকবে এবং এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হবে ৭ দশমিক ৬৫ গিগাওয়াট। এটি বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু থাকা যেকোনো গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চেয়ে বড়।

এদিকে ওহাইওতে ৯ দশমিক ২ গিগাওয়াট সক্ষমতার আরো একটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। সফটব্যাংকের অংশীদারত্বে সরকারি-বেসরকারি উদ্যোগে এটি নির্মিত হবে। ওই কেন্দ্রটি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি একটি ডেটা সেন্টারেও বিদ্যুৎ সরবরাহ করবে।

টেক্সাসের পেকোস কাউন্টিতে নির্মাণাধীন কেন্দ্রটিকে বছরে ৩ কোটি মেট্রিক টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অনুমতি দেওয়া হতে পারে। এই পরিমাণ যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো একক উৎসের তুলনায় বেশি।

তবে নিয়মিত কোনো স্থাপনাই সাধারণত অনুমোদিত সর্বোচ্চ সীমায় নিঃসরণ করে না।

অ্যামাজন বলেছে, নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করায় সাধারণ মার্কিন গ্রাহকদের ওপর এর প্রভাব পড়বে না। এআই খাতের দ্রুত সম্প্রসারণের জন্য নতুন অবকাঠামো তৈরির খরচ বিদ্যুৎ কোম্পানিগুলো গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়ায় এরই মধ্যে অনেকের বিদ্যুৎ বিল বেড়েছে।

অ্যামাজনের এক মুখপাত্র বলেন, ‘আমাদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিদ্যুতের পুরো খরচ বহনের ব্যাপারে অ্যামাজন প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, পেকোস কাউন্টিতে পরিকল্পিত নতুন ডেটা সেন্টার ক্যাম্পাসটি নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় চলবে। এতে টেক্সাসের পরিবারগুলোর বিদ্যুৎ খরচ বাড়বে না। বিদ্যুৎ গ্রিডের সাথে সংযোগের প্রক্রিয়া সম্পন্ন হলে সময় ও সুযোগ অনুযায়ী কেন্দ্রটি গ্রিডভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হবে।

অ্যামাজন আরো জানিয়েছে, ওই স্থানে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনাও তারা খতিয়ে দেখছে। পাশাপাশি, পানযোগ্য নয় এমন লবণাক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হবে, যাতে স্থানীয় পানির উৎসের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

অ্যামাজন জানিয়েছে, ‘দ্য ক্লাইমেট প্লেজ’-এর আওতায় ২০৪০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণে পৌঁছানোর প্রতিশ্রুতি তারা বহাল রেখেছে। এ ছাড়া টেক্সাসে প্রায় ১০ গিগাওয়াট সম্মিলিত সক্ষমতার ৪০টি কার্বনমুক্ত জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করেছে কোম্পানিটি।

সূত্র: বাসস