১৭ বছর পর ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করছে ভেনিজুয়েলা

গত ২০০৯ সালের জানুয়ারিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ওই সময় গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদে তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজ ইসরাইলি রাষ্ট্রদূতকে ভেনিজুয়েলা থেকে বহিষ্কার করেন।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলার পতাকা
ভেনিজুয়েলার পতাকা |সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর ভেনিজুয়েলা ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু এবং দ্বিপক্ষীয় কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

২০০৯ সাল থেকে বিচ্ছিন্ন থাকা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মঙ্গলবার (১১ আগস্ট) জানিয়েছে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২০০৯ সালের জানুয়ারিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ওই সময় গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদে তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজ ইসরাইলি রাষ্ট্রদূতকে ভেনিজুয়েলা থেকে বহিষ্কার করেন।

দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চললেও জুনে ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ দু’টি ভূমিকম্পের পর ইসরাইল সরকার দেশটিতে মানবিক সহায়তা ও উদ্ধারকর্মী পাঠায়।

যুক্তরাষ্ট্রের হাতে নিকোলাস মাদুরো আটক হওয়ার পর গত জানুয়ারিতে ক্ষমতা নেয়া অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সময়েই দুই দেশের মধ্যে এই সম্পর্কোন্নয়নের উদ্যোগ নেয়া হলো। ওয়াশিংটনের তীব্র চাপের মধ্যেই রদ্রিগেজ সরকার দেশ পরিচালনা করছে।

পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেনসিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানান, ‘দুই দেশ ভূমিকম্পের পর জরুরি সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রম থেকে উদ্ভূত দ্বিপক্ষীয় কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, দুই দেশ ‘কনস্যুলার সেবা দেয়ার সুযোগ তৈরি করতে একটি সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠায়’ সম্মত হয়েছে।

রোববার প্লাসেনসিয়া ভেনিজুয়েলার ইহুদি সমিতির প্রধান রাব্বি আইজ্যাক কোহেনের সাথে বৈঠক করেন। কোহেন লাতিন আমেরিকার এই দেশটিতে ইহুদি সম্প্রদায়ের প্রয়োজন মেটাতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আহ্বান জানান।

ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেসের তথ্য অনুযায়ী জানা গেছে, ভেনিজুয়েলায় প্রায় ছয় হাজার ইহুদি বসবাস করছেন।

শাভেজ ও তার উত্তরসূরি মাদুরোর সরকার ইসরাইলের নীতির বিরোধিতা করে আসছিল এবং ফিলিস্তিনকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

২০১০ সালে রেডিও ও টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে শাভেজ বলেছিলেন, ‘ইসরাইল রাষ্ট্রের ধ্বংস হোক!’

এদিকে, শাভেজের আমল থেকেই ভেনিজুয়েলা ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। পরে মাদুরোর সময়ও সেই সহযোগিতা অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যে দুই দেশ তেলবিষয়ক বিভিন্ন চুক্তিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা করেছে।

তবে বামপন্থী জনতুষ্টিবাদী ও সমাজতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন চাভিসমো’র কট্টরপন্থী অংশের মধ্যে রদ্রিগেজ সরকারের প্রতি অসন্তোষ দেখা দিতে শুরু করেছে।

গত ২৪ জুলাই মাদুরোর প্রায় ১০০ সমর্থক কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কোন্নয়নের বিরোধিতা করে বিক্ষোভ করেন। এ সময় তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা পুড়িয়ে দেন।

সূত্র: বাসস